রবিবার ১৫ নভেম্বর ২০২৬ - ০৮:১৮
কিশোর-কিশোরীদের নামাজে আগ্রহী করে তুলতে অভিভাবকদের জন্য বিশেষজ্ঞের ৯ পরামর্শ

অনেক অভিভাবকের অভিযোগ, তাঁদের কিশোর সন্তান নামাজের গুরুত্ব ও তাৎপর্য বোঝে। নামাজ ফরজ, এটি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক স্থাপনের মাধ্যম এবং আল্লাহকে স্মরণ ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম উপায়—এসব বিষয়ও তারা জানে। কিন্তু তা সত্ত্বেও নামাজ আদায়ের ক্ষেত্রে তাদের মধ্যে অনীহা ও অলসতা দেখা যায়। এ সমস্যা সমাধানে বারবার উপদেশ দেওয়া কিংবা চাপ প্রয়োগের পরিবর্তে সন্তানের মধ্যে নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি, ইবাদতকে আনন্দদায়ক করে তোলা এবং পারিবারিক পরিবেশে সচেতন ভূমিকা পালন করা জরুরি।

হাওজা নিউজ এজেন্সি: অনেক সময় অভিভাবকরা নামাজের প্রথম ওয়াক্তেই আদায়ের জন্য অতিরিক্ত চাপ দেন কিংবা টেলিভিশন বন্ধ করে সন্তানকে জোরপূর্বক নামাজে দাঁড় করান। কিন্তু এ ধরনের আচরণ কখনো কখনো ইবাদতের প্রতি সন্তানের আগ্রহ কমিয়ে দিতে পারে। ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ভালোবাসা, সুন্দর সঙ্গ এবং আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় এর ফল হতে পারে উল্টো।

কিশোর-কিশোরীদের নামাজের প্রতি আগ্রহী করে তোলার বিষয়ে ধর্মীয় বিশেষজ্ঞ ও কিশোর পরামর্শক হুজ্জাতুল ইসলাম তারাশিউন অভিভাবকদের জন্য নয়টি পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞের মতে, সন্তান যদি নামাজের নিয়ম জানে, ধর্মীয় বিশ্বাসও ভালো থাকে এবং নামাজের ফরজ হওয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন, তাঁকে স্মরণ করা, কৃতজ্ঞতা প্রকাশ ও তাঁর দরবারে নিজের প্রয়োজন তুলে ধরার বিষয়গুলো বোঝে, কিন্তু তারপরও নামাজের প্রতি উদাসীন থাকে, তাহলে তার মধ্যে নামাজের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা তৈরি করতে হবে।

এক্ষেত্রে অভিভাবকদের জন্য নয়টি করণীয় হলো:

১. নিজেরা নামাজের আদর্শ হয়ে উঠুন: সন্তানের সামনে অভিভাবকদের নিজেদের ভালো উদাহরণ তৈরি করতে হবে। নিজেরা নামাজের প্রতি যত্নশীল হোন। পাশাপাশি পরিবারের এমন নিকটাত্মীয়দের সঙ্গে সন্তানের সুসম্পর্ক গড়ে তুলুন, যাঁরা নামাজের প্রতি যত্নশীল এবং যাঁদের আচরণ সন্তানের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

২. নামাজকে সন্তানের কাছে আনন্দদায়ক করে তুলুন: সন্তান যখন নামাজ আদায় করে, তখন তার প্রতি মনোযোগ দিন। নামাজ শেষে তাকে উৎসাহিত করুন ও প্রশংসা করুন। নামাজ আদায়ের সঙ্গে এমন সুন্দর অভিজ্ঞতা যুক্ত করুন, যাতে ইবাদত সম্পর্কে তার মনে আনন্দময় স্মৃতি তৈরি হয়।

৩. শুরুতেই ওয়াক্তের প্রথম সময়ে নামাজ আদায়ের জন্য চাপ দেবেন না: প্রাথমিক পর্যায়ে সন্তানের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলাকে বেশি গুরুত্ব দিন। কারণ নামাজের অভ্যাস তৈরি ও তা ধরে রাখা এ পর্যায়ে ওয়াক্তের শুরুতেই নামাজ আদায়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তবে সরাসরি চাপ প্রয়োগ না করে প্রশ্নের মাধ্যমে তাকে সচেতন করতে পারেন। যেমন, তাকে বলুন, ‘সূর্যাস্ত পর্যন্ত তো নামাজের সময় রয়েছে, তুমি কখন নামাজ পড়তে চাও?’ এভাবে প্রশ্ন করার মাধ্যমে নামাজ প্রথম ওয়াক্তে আদায়ের গুরুত্ব সম্পর্কেও তার মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব।

৪. সম্মিলিত ইবাদতের পরিবেশ তৈরি করুন: সন্তানকে মসজিদের মতো সম্মিলিত ইবাদতের পরিবেশে নামাজ আদায়ে উৎসাহিত করুন। সেখানে সবাই একসঙ্গে দোয়া করে, পরস্পরের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করে। এ ধরনের আনন্দদায়ক সামাজিক পরিবেশ কিশোর-কিশোরীদের ভালো লাগতে পারে।

এমনকি পারিবারিক দাওয়াত বা আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাতের সময়ও চেষ্টা করুন, যেন নামাজের সময়ে সবাই একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।

৫. ধর্মীয় আলেমদের সান্নিধ্যে নিয়ে যান: সন্তানকে ধর্মীয় আলেম ও জ্ঞানী ব্যক্তিদের সান্নিধ্যে নিয়ে যান। হাদিসে আলেমের দিকে তাকানোকে ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। নিশ্চয়ই এর পেছনে বিশেষ তাৎপর্য ও প্রভাব রয়েছে। তাই আলেমদের সঙ্গে সন্তানের পরিচয় ও সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন।

৬. নামাজি ও সৎচরিত্রের সমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে সহায়তা করুন: সন্তানকে এমন সমবয়সী বন্ধুদের সঙ্গে মেলামেশার সুযোগ করে দিন, যারা নামাজের প্রতি যত্নশীল এবং ভালো চরিত্রের অধিকারী। বর্তমানে মসজিদ, হুসাইনিয়া ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের ভালো সঙ্গ গড়ে তোলার সুযোগ রয়েছে।

৭. সন্তানের পছন্দের কাজের সঙ্গে নামাজের বিরোধ তৈরি করবেন না: সন্তানের পছন্দের কাজের বিপরীতে নামাজকে দাঁড় করাবেন না। উদাহরণস্বরূপ, সে যদি টেলিভিশনের কোনো অনুষ্ঠান দেখতে পছন্দ করে, তাহলে তাকে হঠাৎ করে ‘টেলিভিশন বন্ধ করো, নামাজ পড়তে যাও’—এভাবে বলবেন না।

বরং নামাজের সঙ্গে আনন্দদায়ক বিষয় যুক্ত করুন। যেমন, তাকে বলতে পারেন, ‘নামাজ শেষ হলে আমরা পার্কে যাব অথবা বাজারে কেনাকাটা করতে যাব।’ এতে নামাজের সঙ্গে ইতিবাচক অভিজ্ঞতা যুক্ত হবে এবং তার মধ্যে নামাজের প্রতি আগ্রহ বাড়তে পারে।

৮. বাড়িতে নামাজের উপকরণ ও সুন্দর পরিবেশ রাখুন: বাড়িতে কিবলা নির্দেশক, জায়নামাজসহ নামাজের প্রয়োজনীয় উপকরণ রাখুন। সম্ভব হলে কাগজ দিয়ে ছোট একটি মেহরাবও তৈরি করতে পারেন।

বর্ণিত হয়েছে, পবিত্র ইমামগণ (আ.) নিজেদের ঘরের একটি অংশ ইবাদতের জন্য নির্দিষ্ট করে রাখতেন। তাই বাড়িতে নামাজ ও ইবাদতের জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি করুন।

৯. বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করুন: সম্ভব হলে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান বা মাহফিলের আয়োজন করুন এবং ধর্মীয় পরিবেশে অভ্যস্ত আত্মীয়স্বজনকে আমন্ত্রণ জানান। তবে এ ক্ষেত্রে সন্তানকে অন্যদের সঙ্গে তুলনা করবেন না। বরং পরিবারের অন্য শিশুদের নামাজের প্রতি যত্নশীল হওয়ার জন্য প্রশংসা ও উৎসাহিত করতে পারেন। এতে আপনার সন্তানের মধ্যেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

কিশোর-কিশোরীদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে জোরজবরদস্তি কিংবা বারবার উপদেশ দেওয়ার পরিবর্তে ভালোবাসা, উৎসাহ, সুন্দর সঙ্গ ও আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে তাদের মধ্যে নিয়মিত ইবাদতের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha